সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
বুধবার রাতে পশ্চিমবঙ্গের ওপর ভয়ংকরভাবে আছড়ে ঘূর্ণিঝড় আম্পান। এরপর বাংলাদেশের দিকে ধেয়ে এলেও মারাত্মক ক্ষতির শিকার হয়েছে ভারতের বাংলাভাষী রাজ্যটি।
ইতিমধ্যে ৮০ জনের মতো মৃত্যুর খবর পাওয়া গেছে। সুন্দরবন, দুই ২৪ পরগনাই লণ্ডভণ্ড হয়ে গেছে। খোদ কলকাতাকেই চেনা যাচ্ছেন না। পুনর্গঠনে হাজার কোটি টাকা চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এ পরিস্থিতিতে বাংলাদেশের অনেকেই প্রতিবেশী দেশের রাজ্যটির প্রতি সহমর্মিতা দেখিয়েছে।
কয়েক বছর ধরে নিয়মিত সিনেমার কাজে কলকাতার যোধপুরে পার্ক এলাকায় থাকছেন জয়া আহসান। অন্যদের জন্য উদ্বেগের পাশাপাশি নিজের থাকার ঘরটির কথাও ভাবছেন নায়িকা।
অনুসন্ধান ২৪কে হোয়াটসঅ্যাপ কলে বৃহস্পতিবার জয়া বলেন, “প্রত্যেকবার বাংলাদেশের ওপরে ঝড় বেশি আছড়ে পড়ে। তবে এবার দাপট একটু কম। বেশির ভাগটা পশ্চিমবঙ্গের ওপর দিয়েই গেছে মনে হচ্ছে। খুব চিন্তা হচ্ছে সকলের জন্য। সকাল থেকে ফোন করছি কলকাতার বন্ধুদের। কারো ফোন পাচ্ছি না। আমার যোধপুর পার্কের বাড়িটাও কেমন আছে, কে জানে! তালাবন্ধ পড়ে আছে। তবে এই দুর্যোগে নিজের সামান্য বাড়ির জন্য অতটাও ভাবছি না। অসংখ্য মানুষের কত ক্ষতি হয়ে গেল, সেটা ভাবছি আর কষ্ট হচ্ছে।’’
এ ছাড়া জয়া নিজের ফেইসবুকে লেখেন, “মনটা কাঁদছে। আম্পান ধেয়ে আসছে শোনার পর থেকেই মনটা খুব কাতর হয়ে ছিল। ঘোর বিপদের ওপরে আরও ঘোরতর বিপদ। করোনাভাইরাসের সময় মানুষকে যখন শারীরিক দূরত্ব মেনে চলতে হবে, তখন কী হবে উপকূলের আশ্রয়কেন্দ্রে গাদাগাদি করে থাকা অসহায় মানুষগুলোর? ওদের পায়ের তলায় মহামারী, মাথার ওপরে প্রকৃতির তাণ্ডব। বুকটা কেঁপে কেঁপে উঠছিল।