সোমবার, ০৮ Jun ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
মো:কবির হোসেন চাপরাশি তজুমদ্দিন প্রতিনিধি। ভোলার তজুমদ্দিনে দেশীয় পাইপ গান, তাজা কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ ফেরদৌস ওরফে হেজু নামে এক কুখ্যাত ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২৭ মে) রাত ১১টা থেকে বৃহস্পতিবার (২৮ মে) রাত ১টা পর্যন্ত তজুমদ্দিন থানার মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট তজুমদ্দিন। অভিযান চলাকালে চিহ্নিত ডাকাত ফেরদৌস ওরফে হেজু ডাকাতের বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় পাইপ গান, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ২টি রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, এর আগেও গত ২৭ মার্চ ২০২৫ সালে কোস্ট গার্ড কর্তৃক অস্ত্রসহ আটক হয়েছিল হেজু ডাকাত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।