শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
কাউনিয়া থানা প্রতিনিধিঃ বকেয়া দুই মাসের বেতনের দাবিতে বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ ঘটনা ঘটিয়েছে ফরচুন সুজ লিমিটেডের শ্রমিকেরা। বৃহস্পতিবার দুপুর থেকে বকেয়া পাওনার আশায় এ আন্দোলন শুরু করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
শ্রমিক সূত্রে জানা যায়, গত দুই মাস ধরে বেতন না পাওয়ায় তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। অনাহারে-অর্ধাহারে দিন কাটানোর পাশাপাশি বাড়িভাড়ার বকেয়া জমায় বাড়িওয়ালারা প্রতিনিয়ত চাপ দিচ্ছেন। কোনো উপায় না দেখে অবশেষে বাধ্য হয়ে তারা রাজপথে নামেন। আন্দোলনে ক্ষুব্ধ শ্রমিকরা একপর্যায়ে কারখানার আসবাবপত্র ভাঙচুর করেন এবং নতুন বাজার মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে করে ওই এলাকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে আন্দোলন সামাল দিতে কারখানা মালিক পক্ষ শ্রমিকদের গত এক মাসের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস প্রদান করে এবং আংশিক বকেয়া মিটিয়ে দেয়।
তবে পাওনা এক মাসের বেতন পাওয়ার পরও শ্রমিকদের মাঝে ক্ষোভ ও দুশ্চিন্তা পুরোপুরি কমেনি। আন্দোলনরত একাধিক শ্রমিক ক্ষোভ প্রকাশ করে জানান, কারখানা কর্তৃপক্ষ কখনোই ঠিক সময়ে প্রতি মাসের বেতন পরিশোধ করে না। বেতন অনিয়মিত হওয়ার কারণে মাসের পর মাস ঘরভাড়া আটকায় এবং সংসার চালানো অসম্ভব হয়ে পড়ে।
শ্রমিকরা আরও অভিযোগ করেন, “আমরা কাজ করি পেটের দায়ে। কিন্তু অসুস্থতার কারণে যদি কোনো শ্রমিক ১ বা ২ দিন কাজে অনুপস্থিত থাকে, তবেই তার মূল বেতন আটকে রাখা হয় বা কেটে নেওয়া হয়। এই অমানবিক আচরণের কারণে আমরা পরিবার ও সন্তানদের নিয়ে প্রতিনিয়ত মারাত্মক কষ্টের মধ্য দিয়ে দিন পার করছি।”
এ বিষয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা করা হলেও স্থায়ী সমাধান ও বাকি বেতনের বিষয়ে এখনও পুরোপুরি স্পষ্ট বক্তব্য মেলেনি। শ্রমিকেরা প্রতি মাসের বেতন সঠিক সময়ে নিশ্চিত করার পাশাপাশি মানবিক শ্রম পরিবেশের দাবি জানিয়েছেন।