মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদন>>বিতর্ক যেন থামছেই না সদ্য অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। বিশেষ করে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত জায়েদ খান ও পরাজিত প্রার্থী নিপুণের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাল এফডিসি।
রোববার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকে জায়েদের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ আনেন নিপুণ। প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুনকে নিয়ে ‘জালিয়াতি’র মাধ্যমে নির্বাচনে জায়েদ পাস করেছেন অভিযোগ তুলে নিপুণ আবারও সাধারণ সম্পাদক পদে নির্বাচন দাবি করেন।
নিপুণের এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় এফডিসিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জায়েদ। সেখানে তিনি জানান, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় চিত্রনায়িকা নিপুণকে প্রধান আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে জায়েদ বলেন, নিপুণের বিরুদ্ধে আমি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করব। কারণ ডিজিটাল আইনে স্পষ্ট ভাষায় উল্লেখ আছে, কোনো সমর্থিত সূত্র কিংবা সত্যিকারের সাক্ষ্য প্রমাণ ছাড়া কারও ছবি, কারও লেখা আপনি কোনো ডিজিটাল মাধ্যমে ব্যবহার করে তার বিরুদ্ধে কোনো অপপ্রাচার বা মিথ্যা প্রচার চালাতে পারবেন না।
জায়েদ বলেন, টাকা দিয়ে ভোট কিনেছি, এটা একটা মিথ্যে অভিযোগ। আর আমার স্ক্রিনশটটি তিনি যাচাই-বাছাই না করে আমার নাম বলে নিজে পড়ে দেশবাসীর সামনে আমাকে ছোট করেছেন। আজকে না হলেও আগামীকাল আমরা মামলাটি করব।