সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
অনলাইন বিনোদন :: ‘পদ্মাবত’র পর আবারও কাঠগড়ায় নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ছবি। নতুন বায়োপিক ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র পথে বাধা হয়ে দাঁড়িয়েছে গাঙ্গুবাইয়ের পরিবার। তারা মামলা দায়ের করেছে ছবির পরিচালক বানসালি, নায়িকা আলিয়া ভাট এবং লেখক হোসেন জায়দির বিরুদ্ধে। ছবিতে ভ্রান্ত জীবনকাহিনি ফুটিয়ে তোলার অভিযোগ তুলেছে গাঙ্গুবাইয়ের পরিবার। এই ছবির শুটিং এখনও শেষ হয়নি। তার আগেই ফ্যাসাদে পড়ল ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। আগামী ৭ জানুয়ারি বম্বে সিভিল কোর্টে হাজিরা দিতে হবে অভিনেত্রী আলিয়া ভাট, পরিচালক সঞ্জয় লীলা বানসালি ও লেখক হোসেন জৈদিকে। মামলার জবাব দিতে হবে তাদের। মামলার জল কতদূর গড়ায় দেখার পরই এই ছবির পরিণতি সম্পর্কে ধারণা করা যাবে। ‘মাফিয়া কুইনস অব মুম্বাই’ হোসেন জায়দির লেখা এই বই অবলম্বনে বানানো হচ্ছে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। গাঙ্গুবাই ছিলেন নামকরা মাফিয়া কুইন। মুম্বাইয়ের তাবড় মাফিয়ার সঙ্গে ওঠাবসা ছিল তার। ৫০০ টাকায় তাকে বিক্রি করে দিয়েছিলেন গাঙ্গুবাইয়ের স্বামী।
বিক্রি হয়ে আসার পর যৌনকর্মীর কাজও করতে হয় গাঙ্গুবাইকে। সেই আইকনিক মহিলার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আলিয়া ভাট। জানা গেছে, অভিনেতা অজয় দেবগনকে এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখতে পাওয়া যাবে।