মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
অনুসন্ধান২৪>> গরমের তীব্রতা অনেকটাই কমে গেছে। এরপরও দেশের বিভিন্ন জেলায় রোববার (১২ মে) লোডশেডিং হয়েছে। পিডিবির তথ্য বলছে, ১০ মে শুক্রবার ও শনিবার লোডশেড করতে হয়নি। তবে রোববার আবার ফিরে আসে লোডশেডিং।
গত ৩০ এপ্রিল রাত ৯টায় দেশে বিদ্যুতের উৎপাদন ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াটের নতুন মাইলফলক স্পর্শ করে। কিন্তু চাহিদা ১৭ হাজার মেগাওয়াট থাকায় তখনও ৫০০ মেগাওয়াটের লোডশেডিং দিতে হয়েছে।
ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) তথ্য অনুযায়ী, রোববার সকাল ৯টা পর্যন্ত চাহিদার বিপরীতে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ঠিক থাকায় লোডশেডিং করতে হয়নি। তবে সকাল ১০টায় শুরু হয় লোডশেডিং। ওই সময় দেশে বিদ্যুতের মোট চাহিদা ছিল ১১ হাজার ৫০০ মেগাওয়াট। এরপরও লোডশেডিং ছিল ৩৫১ মেগাওয়াট। এলএলডিসি থেকে বিকেল ৫টায় পাওয়া তথ্য অনুযায়ী, সকাল ১০ থেকে শুরু হয়ে সারাদিনই কমবেশি লোডশেডিং ছিল।
এপ্রিলে দাবদাহে লোডশেডিং এক-দুই হাজার থেকে একদিন তিন হাজার মেগাওয়াটও ছড়িয়েছে। মে মাসে পিডিবির ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, ১ মে সারাদেশে মোট লোডশেডিং ছিল ২৭৮ মেগাওয়াট। দুই মে ৪৬৮, তিন মে ১৩৯, চার মে ৩৫৪, পাঁচ মে ৪৫ মেগাওয়াট লোডশেডিং ছিল। এরপর ছয় মে থেকে দশ মে পর্যন্ত একদিনও লোডশেডিং ছিল না। তবে পিডিবির তথ্যের সঙ্গে বাস্তবতার ফারাক রয়েছে বলে মনে করেন এ খাত সংশ্লিষ্ট অনেকে।
৬ মে সচিবালয়ে সংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘সারা বাংলাদেশে কিছু কিছু অঞ্চলে আমাদের লোডশেডিং করতে হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলের অনেক জায়গায়। গত এক মাস যাবত এটা আমরা পর্যবেক্ষণ করছি। আমাদের বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট, বিশেষ করে অয়েলবেজড পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ আছে। সেগুলো আমরা ধীরে ধীরে চালু করছি।’
গত ২ মে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। লোডশেডিং নিয়ে আলোচনা-সমালোচনা হয় সংসদেও।
গত ৫ মে (রোববার) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু গ্রামাঞ্চলে ব্যাপক লোডশেডিংয়ের অভিযোগ তোলেন। তিনি বলেন, এখন গ্রামগঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে কোথাও ১২ ঘণ্টা, কোথাও ৮ ঘণ্টা লোডশেডিং থাকে। তার নিজের নির্বাচনী এলাকায় (করিমগঞ্জ-তাড়াইল) পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। তার এলাকার মানুষ বলেছেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে দাওয়াত দিতে, লোডশেডিং হয় কিনা, তা দেখার জন্য এক দিন থাকতে। পরিস্থিতি দেখতে মুজিবুল হক তার নির্বাচনী এলাকায় যাওয়ার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে অনুরোধ জানান।
বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকার কারণ জানিয়ে নসরুল হামিদ বলেন, ‘তেলের স্বল্পতা ছিল, আর্থিক স্বল্পতা ছিল। এই বিষয়গুলোকে নজরদারি করে এখন একটি ভালো পরিস্থিতি এসেছে। এই বিষয়গুলো সংসদে আলোচনা হয়েছে। যারা সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীও জানেন।’
নসরুল হামিদ বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যাতে গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ যত দ্রুত পারা যায় ব্যবস্থা করতে। আমরা সেটাই ব্যবস্থা করে এখন একটি ভালো অবস্থায় এসেছি।’
গত ৯ মে (বৃহস্পতিবার) দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনি বক্তব্যে লোডশেডিংয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
প্রতিমন্ত্রী বলেন, ‘উৎপাদনে সর্বোচ্চ রেকর্ড, আবার সর্বোচ্চ চাহিদাও আছে। গত ৫০ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল। সেই তাপমাত্রার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না।’
তিনি বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রয়োজনের চেয়ে বেশি। এই অতিরিক্ত উৎপাদন ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রসমূহ বেসরকারি খাতে অনেক বেশি সুবিধা নিয়ে স্থাপন করা হয়েছিল এ ধরনের পরিস্থিতিতে সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার জন্য।’ তিনি বলেন, তীব্র দাবদাহে ঢাকায় বিদ্যুৎ সরবরাহে তেমন কোনো ঘাটতি না থাকলেও গ্রামে লোডশেডিং বাড়ছে।
দাবদাহের সময় দেশের বিভিন্ন এলাকায় এমনকি রাজধানীর আশেপাশে ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করতে হয়েছে জানিয়ে জি এম কাদের বলেন, ‘বাস্তবতা হচ্ছে প্রয়োজনের সময় বিদ্যুতের লোডশেডিং কমাতে পারেনি, নিশ্চিত করতে পারেনি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ।’
ওইদিন সমাপনী ভাষণে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গ্রামে আর লোডশেডিং না দিতে তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বলেছেন। প্রয়োজনে গুলশান, বনানী, বারিধারায় যেখানে ধনীদের বসবার, যারা সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার করে সেসব এলাকায় লোডশেডিং দিতে বলা হয়েছে বলেও সংসদে জানান সরকারপ্রধান।
শেখ হাসিনা বলেন, ‘প্রতিমন্ত্রীকে বলছি, আপনি যেখানে থাকেন, সেখানে লোডশেডিং দেখতে চাই। সেখানে লোডশেডিং দিতে হবে।’
প্রধানমন্ত্রী সংসদে বলেন, ‘হ্যা লোডশেডিং। যে প্রচণ্ড গরম, লোডশেডিং হয়েছে। আমরা স্বীকার করি। কিন্তু কৃষক যেন সেচটা পায়ণ্ড সেখানে কিন্তু ভর্তুকি দেয়া হয়। সেখানে কোনো অভাব হয়নি।’
পরদিন শুক্রবার রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ডলারের দাম বাড়িয়ে দেয়ায় বিদ্যুৎ ও জ্বালানিতে বাড়তি চাপ তৈরি হবে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা করা হবে।
দেশে প্রায় ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতার কথা বলা হলেও দৈনিক ১৫ হাজার মেগাওয়াটের বেশি উৎপাদন করা যাচ্ছে না। গরমে চাহিদা সাড়ে ১৫ হাজার থেকে ১৭ হাজার মেগাওয়াটে উঠলে দেড়-দুই হাজার মেগাওয়াটের ঘাটতিতে পড়েছে দেশ। আবার সঞ্চালন লাইনের দুর্বলতার কারণেও উৎপাদিত বিদ্যুতের ভারসাম্যপূর্ণ বণ্টন সম্ভব হচ্ছে না।
প্রতিমন্ত্রী বলেন, সামনের হিটওয়েভের জন্য প্রস্তুতি আছে। সময়মতো অর্থের জোগান দেয়া হলে কোনো সমস্যা হবে না। প্রয়োজন হলে ঢাকা এবং আশেপাশের এলাকায় লোডশেডিং দেয়া হবে।
চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের এসএস পাওয়ার প্লান্টে ১২২৪ মেগাওয়াট ও মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৫৭৫ মেগাওয়াট। কিন্তু সঞ্চালন লাইন পুরোপুরি প্রস্তুত না থাকার কারণে এই দুই কেন্দ্র থেকে দৈনিক পাওয়া যাচ্ছে গড়ে ৭০০ মেগাওয়াট। এখানে প্রায় ১১০০ মেগাওয়াট উৎপাদন করা যাচ্ছে না।
পটুয়াখালীর পায়রায় বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানির ১২৪৪ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্র থেকে এখন ১২৪৪ মেগাওয়াট বিদ্যুৎই উৎপাদন করা হচ্ছে। কিন্তু বাগেরহাটের রামপালে ১২৩৪ মেগাওয়াটের আরেকটি তাপবিদ্যুৎকেন্দ্র থাকলেও নানা জটিলতায় সেখানে দিনে উৎপাদন হচ্ছে ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ। এখনও সক্ষমতার সাড়ে আটশ’ মেগাওয়াটের বেশি অলস বসে আছে।
বর্তমানে সরকারি-বেসরকারি মিলিয়ে ৬১টি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে যেগুলোর মোট উৎপাদন সক্ষমতা ১১ হাজার ৮৮০ মেগাওয়াট। এসব বিদ্যুৎকেন্দ্রের পূর্ণ সুফল পেতে দৈনিক ২৩১৬ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন। বছরের অধিকাংশ সময় পেট্রোবাংলার কাছ থেকে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য দৈনিক ৭০০ মিলিয়ন ঘনফুট থেকে ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সবরাহ বাড়িয়ে দৈনিক ১ হাজার ৩৫০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করা হয়েছে। এতে করে গ্যাসভিত্তিক কেন্দ্রগুলো থেকে উৎপাদন হচ্ছে সর্বোচ্চ সাত থেকে আট হাজার মেগাওয়াট। বাকি প্রায় চার হাজার মেগাওয়াট অধরা থেকে যাচ্ছে।
এদিকে বিশাল বকেয়ার বোঝা ঘাড়ে নিয়ে চলছে পিডিবি। বেশি দামে বিদ্যুৎ কিনে (উৎপাদন করে) গ্রাহকের কাছে কম দামে বিক্রির কারণে পিডিবির ঋণের বোঝা দিন দিন বাড়ছে। আগে সরকার ভর্তুকির নামে পিডিবিকে ঘাটতির টাকা দিলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দামে অস্থিতিশীলতা এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নসহ নানা কারণে পিডিবি আগের মত ভর্তুক্তির টাকা পাচ্ছে না।
এর মধ্যে বেসরকারি খাতের ৯৯টি কোম্পানি পাবে প্রায় ১৫ হাজার কোটি টাকা। বিদ্যুৎ রপ্তানি বাবদ বিভিন্ন ভারতীয় কোম্পানি পিডিবির কাছে পাবে ৫ হাজার ৩০ কোটি টাকা। জিটুজি ভিত্তিতে নির্মিত পায়রা ও রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পিডিবির কাছে পাবে দুই হাজার ৪০০ কোটি টাকা। আর বিভিন্ন সরকারি কোম্পানি পাবে ১০ হাজার কোটি টাকারও বেশি।
গত ৭ মে সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, সরকারি, বেসরকারি ও ভারতীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে মোট ৩৩ হাজার ১০৮ কোটি ৯৯ লাখ টাকা পাওনা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট এক কর্মকর্তা সংবাদকে বলেন, ‘পিডিবি দেশে বিদ্যুতের একক ক্রেতা ও বিক্রেতা। পিডিবির নীতি নির্ধারকরা মনে করছেন, বেশি বিদ্যুৎ বিক্রি করলে বেশি লস। তাই রেশনিং করা ভালো। কারণ লস কম হলে সরকারের তিরস্কার কম শুনতে হবে।’
দীর্ঘদিন আটকে থাকা বকেয়ার বোঝা কমাতে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি ১০ হাজার ৬০০ কোটি টাকার বন্ড ইস্যু করা হয়েছে। দ্বিতীয় দফায় প্রায় সাত হাজার কোটি টাকাসহ মোট ১৭ হাজার ৫৫৩ কোটি টাকার বন্ড ইস্যু করেছে সরকার।
পাশাপাশি সঞ্চালন লাইনের দুর্বলতার কারণেও বিদ্যুৎ ব্যবস্থাপনা কিছুটা পিছিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন এই কর্মকর্তা।
তিনি বলেন, পূর্ব ও পশ্চিম অঞ্চলে বিভক্ত দেশের বিদ্যমান সঞ্চালন লাইনের সক্ষমতা সমান নয়। পশ্চিমাঞ্চলে চাহিদার তুলনায় বেশি বিদ্যুৎ থাকলেও এর পুরোটাই পূর্বাঞ্চলের চাহিদা পূরণের জন্য স্থানান্তর করা যাচ্ছে না। এটিও লোডশেডিংয়ের কারণ বলে জানান তিনি।