মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
অনুসন্ধান ডেস্ক:: অভ্যন্তরীণ জেরে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমার থেকে পালিয়ে আসা মোট ৩৩০ সীমান্তরক্ষীকে ফিরিয়ে নিতে কক্সবাজারে শনিবার মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ আসেনি। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, অন্য দেশ থেকে নৌবাহিনীর এমন ধরনের জাহাজ ভীড়তে হলে স্বাগত দেশকে যে ধরনের তথ্য-উপাত্ত দিতে হয় মিয়ানমার এখন পর্যন্ত তা নিশ্চিত করেনি। অন্যদিকে, মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তেতে অবস্থিত বাংলাদেশ মিশনটি নিরাপত্তার স্বার্থে আপাতত অন্যত্র থেকে কাজ করছে।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র শনিবার সন্ধ্যায় দৈনিক সময়ের আলোকে জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত এখনো চলছে। এই সংঘাতের ফলে গত কয়েকদিনে সেখান থেকে মোট ৩৩০ জন (মিয়ানমারের সেনাবাহিনী, সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি), সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থার সদস্যরা রয়েছেন) সীমান্তরক্ষী প্রাণ বাচাতে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
তাদেরকে ফিরিয়ে নিতে শনিবার মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ কক্সবাজার ভেড়ার কথা ছিল। এই বিষয়ে আগেই মিয়ানমার একটি কূটনৈতিকপত্রের মাধ্যমে অনুমোদন চেয়েছিল। কিন্তু এমন সংক্রান্ত অনুমোদন বা কার্যক্রমের ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম অনুসারে যেসব তথ্য-উপাত্ত দিতে হয় সেগুলোর শতভাগ দেয়নি।
ফলে শনিবার মিয়ানমারের নৌবাহিনীর জাহাজটি কক্সবাজারে ভেড়ার কথা থাকলেও সম্ভব হয়নি। যে জাহাজটি মোট ৩৩০ জন সীমান্তরক্ষীদের ফিরিয়ে আসবে তাদের পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত পাঠানোর জন্য এরই মধ্যে ঢাকা থেকে নেপিদোকে বার্তা দেওয়া হয়েছে। এক বার্তায় নেপিদো জানিয়েছে যে তারা পাঠাচ্ছে। ঢাকা আশা করছে যে নেপিদো তাড়াতাড়ি সঠিক তথ্য-উপাত্ত পাঠাবে এবং অতি দ্রুত মিয়ানমারের পালিয়ে আসা ৩৩০ জন সীমান্তরক্ষীদের ফেরত নিয়ে যাবে।
অন্যদিকে, মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির অভ্যন্তরীণ সংঘাত বেড়ে যাওয়ায় ওই রাজ্যের সিত্তেতে অবস্থিত বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ওই মিশনের কূটনীতিকরা ইয়াঙ্গুণের নিরাপদ স্থান থেকে কার্যক্রম পরিচালনা করছে বলে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে।