শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
অনুসন্ধান ডেস্ক::: প্রায়ই দেশের বাইরে যান অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে এবারের ভ্রমণটা স্মরণীয় হয়ে রইল তার জীবনে। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই ফ্লাইটে বিদেশে গেলেন তিনি। এ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী।
মুহূর্তটি ধরে রাখতে প্রধানমন্ত্রীর সঙ্গে বন্দি হয়েছেন একই ফ্রেমে আর তা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন তিনি। সেখানে দেখা গেছে প্রধানমন্ত্রীর সঙ্গে হাস্যোজ্জ্বল ফারিণ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে থাকতে পেরে আমি খুবই ভাগ্যবান। তিনি আমার দেখা সবচেয়ে মিষ্টি নারীদের একজন। ছবিটা আরেকটু ভালো হতে পারত তবুও তার সঙ্গে দেখা হওয়াতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
২৪ অক্টোবর সকালে ব্রাসেলসে অনুষ্ঠেয় গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে বেলজিয়ামের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। ওই ফ্লাইটে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাসনিয়া ফারিণ। ভ্রমণটি বেশ উপভোগ করেছেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি ছাড়াও ভ্রমণ পথের আরও কিছু ছবি প্রকাশ করেছেন ফারিণ। সেখানে তাকে দেখা গেছে বৈমানিকদের সঙ্গে।
বিষয়টি নিয়ে ফারিণ লিখেছেন, ‘মনোমুগ্ধকর আতিথেয়তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ধন্যবাদ। ১৪ ঘণ্টা যেন ১৪ মিনিটেই কেটে গেল। আবারও আপনাদের সঙ্গে ভ্রমণের আশায় থাকছি।’ তবে তাসনিয়া ফারিণ কোথায় যাচ্ছেন, কী কারণে যাচ্ছেন, সে বিষয়ে কিছু জানাননি।