শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
অনুসন্ধান ডেস্ক: ঘরে ঘরে ডেঙ্গু রোগী। সরকারি ও বেসরকারি হাসপাতালেও ডেঙ্গু রোগীতে ভরা। বৃহস্পতিবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬১ জন। এ নিয়ে চলতি বছর ২২৫ জন ডেঙ্গুতে মারা যান। এখনো হাসপাতালে ৪ হাজার ৮০৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
এদিকে ডেঙ্গু চিকিৎসায় ব্যবহৃত প্যারাসিটামল জাতীয় ওষুধ (ট্যাবলেট ও সিরাপ) এবং স্যালাইনের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। তীব্র চাহিদার সুযোগে ইচ্ছেমতো দামে বিক্রি করছেন কিছু অসাধু বিক্রেতারা। দামের তারতম্য নিয়ে হরহামেশাই রোগীর স্বজনদের সঙ্গে ঝামেলা হচ্ছে ওষুধ বিক্রেতাদের।
রাজধানীর কয়েকটি ফার্মেসির বিক্রেতারা জানান, দেশজুড়ে ডেঙ্গু রোগের প্রকোপ দেখা গেছে। প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট ও সিরাপের চাহিদা ব্যাপক বেড়ে গেছে। গ্লুকোজ স্যালাইনেরও একই অবস্থা। বহুল প্রচলিত ব্র্যান্ডের প্যারাসিটামল ওষুধের সরবরাহ নেই। কোম্পানির প্রতিনিধিরা চাহিদা অনুসারে ওষুধ দিচ্ছে না।
অন্যদিকে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা বলছেন, হঠাৎ করে প্যারাসিটামল ও স্যালাইন জাতীয় ওষুধের চাহিদা বেড়ে যাবে, তা আগে থেকে বুঝা যায়নি। এজন্য উৎপাদনে ও বাজারজাতকরণে বড় ধরনের ধাক্কা এসেছে। সপ্তাহখানেক পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
বেক্সিমকো, বায়োফার্মা, পপুলার, লিব্রাসহ প্রায় ওষুধ কোম্পানি ডিএনএস স্যালাইন তৈরি করে। স্বাভাবিক সময়ে একেকটি ফার্মেসিতে এ স্যালাইনের চাহিদা থাকে ১০ থেকে ১২টি। কিন্তু বর্তমানে চাহিদা বেড়ে ৩০ থেকে ৫০টি পর্যন্ত বিক্রি হচ্ছে। চাহিদা বাড়লেও ওষুধ কোম্পানিগুলো সরবরাহ কমিয়ে দিয়েছে বলে অভিযোগ করছে ফার্মেসিগুলো।
বন্দর নগরী চট্টগ্রামে ৯০ টাকার স্যালাইন ৫০০ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। ডেঙ্গু রোগীর স্বজনেরা জানান, ওষুধের দোকানে স্যালাইন পাওয়া যাচ্ছে না। দুয়েকটা মিললেও গুনতে হচ্ছে দুই থেকে তিনগুণ বেশি টাকা। স্যালাইনের পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য ৯০-৯৫ টাকা লেখা থাকলেও নেওয়া হচ্ছে ইচ্ছেমতো টাকা।
আমাদের চট্টগ্রাম ব্যুরো অফিস জানিয়েছে, নগরের পাঁচলাইশ, চকবাজার ও কাজী দেউড়ি এলাকায় ডিএনএস স্যালাইনের তীব্র সংকট দেখা গেছে। শহরের অন্যান্য এলাকার ফার্মেসিগুলোতে নেই পর্যাপ্ত ডিএনএস স্যালাইন। স্যালাইনের পণ্যের গায়ে মূল্য ৯০-৯৫ টাকা লেখা থাকলেও এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বাড়িয়ে ফেলেছে।
চকবাজার এলাকায় স্যালাইন কিনতে এসে বিপাকে পড়তে দেখা যায় অনেক স্বজনকেই। ১০ বছরের ছেলের জন্য স্যালাইন কিনতে আসা সোহেল খান বলেন, মেডিকেল এলাকার অনেক ফার্মেসি ঘুরে স্যালাইন না পেয়ে চকবাজারে এসেছি।
৯০ টাকার স্যালাইন ৩০০ টাকা করে ৬০০ টাকা দিয়ে দুটি স্যালাইন কিনতে হয়েছে। এগুলো দেখার কেউ নেই। এদিকে স্যালাইনের দাম বৃদ্ধির খবর পেয়ে মঙ্গলবার চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি ওষুধের বাজার হাজারী গলিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদফতর। ম্যাজিস্ট্রেট আসার খবরে দোকান বন্ধ করে পালিয়ে যান ওষুধ ব্যবসায়ীরা। এসময় হাজারী গলির খাজা মার্কেটের একটি দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকার ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, বাজারে আসলেই ডিএনএস স্যালাইনের সংকট রয়েছে। আমরা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সাথে কথা বলব। প্রয়োজনে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিব স্যারের সঙ্গে কথা বলব। বাজারে স্যালাইনের সাপ্লাই স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলা প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।