শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
অনুসন্ধান ডেস্ক:: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার মামলায় গ্রেপ্তার পাঁচজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।অন্যদিকে ৩ দিনের রিমান্ড শেষে আসামি আল-আমিন ও মানিক গাজীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে আসামিদের রিমান্ড ও কারাগারে পাঠানোর এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া ৫ আসামি হলেন সোয়াইব মোল্যা, বায়েজিদ মোল্যা, মো. সাব মিয়া, মো. হুমায়ুন কবির ওরফে প্রিন্স ও মো.সাইফুল ইসলাম সজল।
মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট জোনাল টিমের সাব-ইন্সপেক্টর পলাশ চন্দ্র সরকার আজ সাত আসামিকে আদালতে হাজির করেন। আল-আমিন ও মানিক গাজীকে রিমান্ড শেষে কারাগারে আটক এবং ৫ আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। গত ২০ জুলাই আল-আমিন ও মানিক গাজীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর গত রোববার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
হিরো আলমের ওপর হামলার ঘটনায় ১৮ জুলাই তার ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ বাদী হয়ে বনানী থানায় মামলা করেন। বাদী এজাহারে অভিযোগ করে জানান, ১৭ জুলাই সকাল থেকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু পর হিরো আলম বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করতে থাকেন।
পরে তিনি বিকেল সাড়ে ৩টায় হিরো আলম বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্র পরিদর্শন করতে যান। কেন্দ্র পরিদর্শন শেষে হিরো আলম বের হয়ে আসার সময় অজ্ঞাত ১৫/২০ জন গতিরোধ করে বিভিন্ন ধরনের গালিগালাজ করতে থাকে।
এক পর্যায়ে আসামিরা হত্যার উদ্দেশ্যে হিরো আলমকে আক্রমণ করে এলোপাতাড়ি কিল-ঘুসি মারতে থাকে। মারধরের এক পর্যায়ে তাদের মধ্যে থেকে অজ্ঞাতনামা একজন হত্যার উদ্দেশ্যে হিরো আলমের কলার চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে। এর মধ্যে আরেক জন এসে তলপেটে লাথি মারলে তিনি রাস্তায় পড়ে যান।
বাদী এজাহারে আরও অভিযোগ করেন, হিরো আলম রাস্তায় পড়ে যাওয়ার পর বাকি আসামিরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুসি ও লাথি মারে। এ সময় হিরো আলমের ব্যক্তিগত সহকারী রাজীব, রনি ও আল আমিন তাকে বাঁচাতে আসলে তাদেরও মারপিট করে আসামিরা।