শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
অনুসন্ধান ডেস্ক::: নির্বাচন যে কেউ বর্জন করতে পারে কিন্তু নির্বাচন প্রতিহত করার অধিকার কারো নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তারা চান বিএনপি পূর্নশক্তি নিয়ে আগামী নির্বাচনে অংশ গ্রহণ করুক।
২০১৮ সালের মতো নয় বরং পূর্ণশক্তি নিয়ে অংশ নিক। দেশে নির্বাচন পরিস্থিতি ভালো দাবি করে মন্ত্রী বলেন, নির্বাচনের পরিবেশ কেউ নষ্ট করছে কিনা সেটা এখন দেখার বিষয়। কেউ যদি নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেয় সেটি নির্বাচনের পরিবেশ নষ্ট করার শামিল।
সোমবার দুপুরে সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তথ্য মন্ত্রী একথা বলেন। সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব। উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি এম এ জলিল মুন্না (মুন্না রায়হান), যুগ্ম সাধারণ সম্পাদক মেহদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম, অর্থ সম্পাদক শফিউল্লাহ সুমন প্রমুখ।
বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ইন্টারনেট নিয়ন্ত্রণ করে বিরোধী দলকে দমনের চেষ্টা করছে এবং জনগণের অধিকার হরণ করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়র সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সরকার কোনোভাবেই ইন্টারনেট নিয়ন্ত্রণ করে না।
মির্জা ফখরুলকে অনুরোধ জানাবো, পেছনে ফিরে তাকানোর জন্য, ওনারা যখন ক্ষমতায় ছিলেন তখন ৫০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করতেন। এখন বাংলাদেশে ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। এখন গ্রামের গৃহবধু, স্কুলের শিক্ষার্থী, রিকশাওয়ালা, ক্ষেতে কাজ করা ব্যক্তিও ইন্টারনেট ব্যবহার করে। এই ইন্টারনেটকে সার্বজনীন করেছে বর্তমান সরকার।
ড. হাছান বলেন, ২০০৮ সালে আমাদের স্লোগানই ছিলো ডিজিটাল বাংলাদেশ। কারণ ডিজিটাল বাংলাদেশের অন্যতম লক্ষ ছিল সবার কাছে ইন্টারনেট সহজলভ্য করা। গ্রামে-গ্রামে ব্রডব্যান্ড সংযোগ দেয়া। গ্রামে বসে ইন্টারনেটের মাধ্যমে লাখ লাখ টাকা ইনকাম করে এমন অনেক যুবক আছে।
আমরা কোনোভাবেই ইন্টারনেট নিয়ন্ত্রণ করি না বরং সহজলভ্যতার সুযোগ গ্রহণ করে বিএনপি তাদের পেইড এজেন্ডা দিয়ে সরকারের বিরুদ্ধে বিশদগার, সরকারের বিভিন্ন মন্ত্রী থেকে শুরু হরে সরকারদলীয় নেতাদের চরিত্র হনন করছে। তারা তাদের পেইড এজেন্টদের দিয়ে দেশের ভেতর ও বাইরে থেকে এসব করছে। তারা যে পেইড এজেন্ট নিয়োগ করেছে তা এরইমধ্যে প্রমাণিত। তাদের অডিও ক্লিপ ফাঁসও হয়েছে।
মন্ত্রী বলেন, যারা পৃথিবীর বিভিন্ন দেশে বসে সরকারের বিরুদ্ধে, মন্ত্রী এবং সরকারি দলের নেতাদের চরিত্র হনন করে তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করে তারেক রহমান। সেই বৈঠকের ছবিও আমাদের কাছে আছে। এটা কেবল ইন্টারনেট সহজলভ্য হওয়ার কারণে করতে পারছে, যা কখনো সমীচিন না। এগুলো ডিজিটাল অপরাধ।
তিনি বলেন, বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ডিজিটাল অরাধীদের পক্ষে সাফাই গাওয়ার জন্য কাল সংবাদ সম্মেলন করছেন। মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের উচিৎ সরকারকে ধন্যবাদ জানানো দরকার৷ কারণ তিনি ভিডিও কনফারেন্সে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। দলের চেয়ারম্যানের সঙ্গে মিটিং করেন। সেটা শেখ হাসিনার জন্য হয়েছে।