শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
অনুসন্ধান ডেস্ক:: সাবেক শিক্ষামন্ত্রী এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) প্রতিষ্ঠাতা সভাপতি ড. আব্দুল মজিদ খান মারা গেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) আইইউবি এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে। আজ বিকাল ৩টায় আইইউবি ক্যাম্পাসে তার জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার জুমার নামাজের পর বারিধারা জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
গত শতকের আশির দশকে আব্দুল মজিদ খান এইচ এম এরশাদ সরকারের শিক্ষা উপদেষ্টা ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালে তিনি একটি নতুন শিক্ষানীতির প্রস্তাব করেন।
সেখানে প্রথম শ্রেণি থেকেই আরবি ও দ্বিতীয় শ্রেণি থেকে ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করা হয়। সে সময় তার প্রণীত শিক্ষানীতি তুমুল ছাত্র আন্দোলনের জন্ম দেয়।ফরিদপুরের সন্তান মজিদ খান কলকাতা, লন্ডন ও মিনেসোটাতে লেখাপড়া করেছেন।
সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানে পিএইচডি করা প্রথম বাংলাদেশি তিনি।এছাড়াও ফ্রান্স, স্পেন ও মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।