শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: বরিশালের ঝালকাঠি জেলার সদর থানাধীন কলেজ মোড় এলাকা থেকে চাঁদা না দেয়ায় ব্যবসায়ী মামুন মাতুব্বরকে কুপিয়ে হত্যা মামলার আসামী জিসান (২৫)কে গ্রেফতার করেছে র্যাব। নিহত মামুন এক জন গাছ ব্যবসায়ী ছিলো। আসামী রাব্বী এবং জিসান চাঁদা দাবি করলে মামুন মাতুব্বর চাঁদার টাকা দিতে অস্বীকার করে।
গত ১২ জুন রাতে রাব্বী এবং জিসান পথরোধ করে মামুন মাতুব্বরকে ধারালো অস্ত্র দ্বারা এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন আহত মামুন মাতুব্বরকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়। আসামী রাব্বী ও জিসান এলাকায় মাদক ব্যবসা করতো এবং বিভিন্ন সময় তারা সাধারণ মানুষের নিকট থেকে চাঁদা আদায় করে আসছিলো। উক্ত ঘটনার পর বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম জিসান(২৫), পিতা- জহির, সাং- রুপাতলী ভাষানি সড়ক, ২৫নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, বিএমপি, বরিশাল বলে জানায় এবং প্রথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। আসামীকে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।