মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪>> জ.ই. মামুন: রবীন্দ্রনাথ বলেছেন, আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তারপর ইংরেজি শিক্ষার পত্তন। অমর একুশের দিনে এসে দিনভর এত এত একুশের শুভেচ্ছা পেয়ে, টেলিভিশনে সংবাদ দেখে, অনলাইনে খবর পড়ে কেমন যেন বিরক্ত লাগছেএ আমাদের বাংলা ভাষার গাঁথুনি এখনো শক্ত হয়নি।
অনেকে বলেন, ইংরেজি বললে বাংলাকে অসম্মান করা হয়। আমার সে রকম মনে হয় না। শুদ্ধ করে যেকোনো ভাষা বলতে, পড়তে বা লিখতে পারা একটা বিশেষ যোগ্যতা, এই যোগ্যতা সবার থাকে না। সমস্যা হলো, আপনি নিজের মাতৃভাষাটাই যখন ঠিকমতো বলতে পারেন না, তখন অন্য ভাষায় ফট ফট করলে তো কানে লাগবেই। বাংলা আমাদের মাতৃভাষা, আগেও ছিলো, এখনো আছে। কিন্তু বায়ান্নতে আমাদের আন্দোলনটা ছিলো বাংলাকে রাষ্ট্রভাষা করার। এখনো তো সেটা পুরোপুরি সফল হয়নি। এখনো দেশের প্রশাসনে, সরকারে, সংসদে, আদালতে, গণমাধ্যমে শুদ্ধ বাংলা ভাষা খুঁজতে বাটি চালান দিতে হয়।
যারা এসএমএস-এ শুভেচ্ছা জানাচ্ছেন, তাদের অনেকেই ভুল বাংলা লিখছেন। ‘সকল ভাষা শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা’ বাক্যটি যে শুদ্ধ নয় তা অনেকেই জানেন না, এমনকি মূলধারার কোনো কোনো গণমাধ্যমও এমন দোষে দুষ্টু।