মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪>> বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত আলোচনাসভায় বক্তারা বলেছেন, মহান একুশ মিলে আছে বাঙালি জাতির অস্তিত্বের সঙ্গে। একুশে ফেব্রুয়ারি আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস যোগায়। যে কারণে নতুন প্রজন্মকে একুশের চেতনায় গড়ে তুলতে হবে।
একুশে ফেব্রুয়ারির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সভায় বক্তারা বলেন, নতুন প্রজন্ম আগামীতে দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে।
তাদেরকে গড়ে তুলতে পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনকেও দায়বদ্ধতার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ভাষা আন্দোলন ও দেশের মুক্তিযুদ্ধ ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ওই আলোচনাসভায় সভাপতিত্ব করেন রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন্নেসা।
আলোচনায় অংশ নেন যৌন হয়রানি প্রতিরোধ কমিটির প্রতিনিধি সবিতা রানী পাল, ধানমণ্ডি কমিউনিটি ফোরাম সদস্য শাহাবুদ্দিন আহমেদ, বিএনপিএস’র ঢাকা পশ্চিম কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন প্রমুখ।
আলোচনাসভার আগে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা শহীদ মিনারে গিয়ে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।