মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪>> দেশের দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দেওয়া প্রতিবেদনকে ‘অস্পষ্ট’ বলে মন্তব্য করলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেন। আজ বুধবার বিকেলে দুদক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
টিআইবির প্রতিবেদনকে দুদক আমলে নিচ্ছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে মাহবুব হোসেন বলেন, ‘দুর্নীতি দমন কমিশন টিআইবির প্রতিপক্ষ না। দুদক তার আইন অনুযায়ী কাজ করছে। টিআইবি একটি বেসরকারি প্রতিষ্ঠান। তারা একটি পারসেপশন প্রকাশ করেছে। সেটি তারা করতেই পারে।’
দুদক সচিব বলেন, ‘তাদের (টিআইবি) সবকিছুই তো ধোঁয়াশা, কোথা থেকে কতটুকু কী নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে— সেটি পরিষ্কার না। কোন কোন বিষয়ের ওপরে কী কী প্রক্রিয়ায় মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করেছে, যেগুলো সম্পর্কে প্রতিবেদনে সুস্পষ্টভাবে কোনো কিছুর উল্লেখ নেই। সুতরাং, টিআইবির ধারণা সূচকের বিষয়ে দুদকের পক্ষে মন্তব্য করার কোনো অবকাশ নেই।’
তিনি বলেন, টিআইবির নীতিমালা অনুযায়ী সিপিআই (দুর্নীতির ধারণা সূচক) প্রণয়ন করা হয় কয়েকটি জরিপের ওপর ভিত্তি করে। এই জরিপগুলোয় মূলত ব্যবসায়ী, বিনিয়োগকারী, সংশ্লিষ্ট খাতের বিশ্লেষকদের ধারণার প্রতিফলন ঘটে থাকে। এ ক্ষেত্রে তারা কী বিবেচনায় নিয়েছে—সেটির ব্যাখ্যা নেই।’
দুদক সচিব বলেন, ‘বাংলাদেশের ক্ষেত্রে ২০২৩ সালের সিপিআই নির্ধারণের জন্য মোট আটটি জরিপ নির্ধারিত হয়েছে। তারা কোন কোন বিষয়ে জরিপ করেছে, এর সুস্পষ্ট ব্যাখ্যা নেই।