বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
অনুসন্ধান ডেস্ক:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী রোববার (৭ জানুয়ারি) সারা দেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি, তার আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে টানা তিন দিনের ছুটিতে থাকছে সরকারি চাকরিজীবীসহ অনেকেই। সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটি পেয়ে তাই গ্রামের বাড়ি যাচ্ছেন রাজধানীবাসী।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) শেষ কর্মদিবসে দুপুর থেকেই রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চঘাটে যাত্রীর ভিড় বেড়েছে। চাপ থাকলেও ঝামেলাবিহীনভাবেই রাজধানী ছাড়ছেন সাধারণ মানুষ। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে দেখা যায়, উত্তরবঙ্গগামী বাসগুলোতে সাধারণ মানুষের ভিড় অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। ভিড় রয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী বাস কাউন্টারগুলোতেও।
রাজধানীর মিরপুর এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হুমায়ূন টানা তিন দিনের ছুটি পেয়ে ভোট দিতে বাড়ি যাচ্ছেন। তিনি বলেন, কাজ কম থাকায় বৃহস্পতিবার একটু আগেই অফিস থেকে বের হয়েছি। বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকে আমার বউ-বাচ্চা। তাদের কাছে প্রার্থীরা বারবার এসেছেন, ভোট চেয়েছেন। আগামী পাঁচ বছরের জন্য অভিভাবক নির্বাচনে আমার অংশগ্রহণ থাকা উচিত বলে মনে করি। তাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি।
রাজধানীর সায়েদাবাদ ও যাত্রাবাড়ী টার্মিনাল ঘুরেও দেখা গেছে একই চিত্র। সায়েদাবাদ বাস টার্মিনালে নিজের স্ত্রী-সন্তানকে বাসে তুলে দিতে এসেছেন বেসরকারি ব্যাংক কর্মকর্তা বরিশালের রাতুল ইসলাম। তিনি বলেন, আমার স্ত্রী এলাকায় ভোটার হয়েছে। এবারই প্রথমবার ভোট দিবে ও। তাই বাড়ি যাওয়ার জন্য তার মধ্যে একটু বাড়তি উচ্ছ্বাস। ব্যাংক খোলা থাকায় আমি আজ যেতে পারছি না। শনিবার যেহেতু দূরপাল্লার বাস চলবে তাই ওই দিন অফিস শেষ করে আমি বাড়ি যাব।
কমলাপুর রেলওয়ে স্টেশনেও দেখা গেছে বাড়ি ফেরা মানুষের ঢল। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ মাহমুদ বলেন, ভোটার হওয়ার পর এটাই প্রথম জাতীয় নির্বাচন। কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আনন্দ উপভোগ করতে চাই। মেসের সকলেই বাড়িতে চলে গেছে, তাই দুইদিন আগেই বাড়ি যাচ্ছি।
সায়েদাবাদের হানিফ কাউন্টারে কর্মরত শফিকুল ইসলাম বলেন, নির্বাচন উপলক্ষে ঢাকা থেকে টিকেটের বুকিং বেশি হচ্ছে। ঢাকা থেকে প্রত্যেকটি বাস আসন ভর্তি করে বের হচ্ছে। তবে ঢাকার বাইরে থেকে ছেড়ে আসা বাসগুলোর বেশিরভাগ আসনই ফাঁকা থাকছে।
সদরঘাট লঞ্চ টার্মিনালে চাঁদপুরগামী লঞ্চগুলোতেও দেখা গেছে বাড়তি যাত্রী। তবে সন্ধ্যার পর এই চাপ আরও বাড়বে বলে জানিয়েছেন লঞ্চ চালকরা। বরিশালের বেশিরভাগ লঞ্চের কেবিন আগেই বুকিং হয়ে গেছে বলে জানিয়েছেন লঞ্চ ম্যানেজাররা।এদিকে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, কর্মকর্তাদের অনেকেই এই তিন দিনের সঙ্গে আরও দু-একদিন ছুটি নিয়ে টানা ৪/৫ দিন ছুটি কাটানোর সুযোগ নিচ্ছেন।
সচিবালয় ঘুরে দেখা গেছে, অনেক দফতরই ফাঁকা।আবার অনেকে অফিসে আসলে মধ্যাহ্ন ভোজের পরপরই অফিস ত্যাগ করেছেন। অনেক কর্মকর্তা-কর্মচারী বৃহস্পতিবার ছুটি নিয়েছেন। ফলে তারা টানা চার দিন ছুটি ভোগ করবেন। আবার অনেকে ভোটের পরদিন আগামী সোমবার ছুটি নিয়েছেন। তারা আজ শুক্রবার থেকে টানা চার দিন ছুটি ভোগ করবে।
গত ২৮ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে, ৭ জানুয়ারি ভোটের দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সারাদেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হলো।