বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
অনুসন্ধান ডেস্ক:: আগামীকাল রোববার (২৯ অক্টোবর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। সরকারের পদত্যাগের একদফা দাবিতে আয়োজিত মহাসমাবেশ থেকে শনিবার (২৮ অক্টোবর) বিকেলে এ ডাক দেয় দলটি।
নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা আগে শনিবার দুপুর পৌনে ১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
বিএনপির সমাবেশ থেকে রোববার হরতালের ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা আড়াইটার দিকে বিএনপির নয়াপল্টনের সমাবেশের দুদিকে অবস্থান নেয় পুলিশ। নিক্ষেপ করা হয় বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল। এর পরপরই মির্জা ফখরুল মঞ্চ থেকে বেলা ৩টা ১০ মিনিটে হরতালের ঘোষণা দেন।
বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও এ হরতালের তথ্য জানানো হয়েছে। এছাড়া বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও হরতালের সিদ্ধান্তের তথ্য জানিয়েছেন। তবে বিএনপির কেন্দ্রীয় কোনো নেতার সাথে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি।