শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
অনুসন্ধান ডেস্ক:: পূর্বঘোষিত সমাবেশস্থল মতিঝিলে মাইক লাগানোর কাজ শুরু করেছে জামায়াতে ইসলামী। শনিবার বেলা ১১টার দিকে সমাবেশ মঞ্চের কাজ শুরু করে তারা। জামায়াতের নেতাকর্মীদের দাবি, পুলিশের পক্ষ থেকে সমাবেশের মৌখিক অনুমতি মিলেছে। এজন্য তারা মঞ্চ তৈরি করছেন।
এদিকে আরামবাগ মোড়ে অবস্থান নিয়েছেন জামায়াতের হাজার হাজার নেতাকর্মীরা। দলটির নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। পুলিশের সামনেই জামায়াত নেতাকর্মীদের মিছিল ও স্লোগান দিতে দেখা যায়। অন্যদিকে জামায়াতের কেন্দ্রীয় নেতা মোবারক হোসেনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল আরামবাগ আল হেলাল পুলিশ বক্সে আলোচনার জন্য প্রবেশ করেছেন। সেখানে ডিএমপির জয়েন্ট কমিশনার লিটন কুমার সাহার সঙ্গে বৈঠকে বসেছেন তারা।
এর আগে শনিবার সকালে দলটির অর্ধশতাধিক নেতাকর্মী জড়ো হন শাপলা চত্বরের দক্ষিণ পাশে। এ সময় পুলিশ দলটির নেতাকর্মীদের সরিয়ে দেয়। তারা একটু দূরে গলিতে অবস্থান নেন। তবে কোনো পক্ষই মারমুখী আচরণ করেনি। বেশ শান্তিপূর্ণভাবেই মূল সড়ক থেকে সরিয়ে দেওয়া হয় জামায়াতের নেতাকর্মীদের। পরে তারা আশপাশের সড়কে অবস্থানে নেন।