শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
অনুসন্ধান ডেস্ক:: ২০২৩-২৪ অর্থবছরে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান সাংবাদিকদের ব্রিফ করেন।
অতিরিক্ত সচিব বলেন, সরকারি বিপণন সংস্থা টিসিবির আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ (+৫%) লিটার সয়াবিন তেল কেনা হবে। সুপার অয়েল রিফাইনারিজ লিমিটেডের কাছ থেকে তেল কেনা হবে। সয়াবিন তেল কিনতে ১২৭ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় করা হবে।