শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
অনুসন্ধান ডেস্ক: নদীভাঙন রোধের প্রকল্প বাস্তবায়নে অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন সরকার বেশি তৎপর দাবি করে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, কাজ ধীর গতির হলেও থেমে নেই।আজ রোববার দুপুরে কুড়িগ্রাম জেলার বিভিন্ন ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্রবেষ্টিত কাচকোল এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ‘বাংলাদেশে নদী ভাঙতে থাকবে, আমরা কাজ করতে থাকব। অতীতের মতো এমন না যে নদী ভাঙন শুরু করেছে পানিসম্পদ মন্ত্রণালয়ের কেউ আসেনি। সরকার এখন জোরেশোরে লক্ষ্য রাখে। করোনার সময় এত প্রণোদনা দেওয়ার পরও আমাদের প্রকল্পগুলো থেমে নেই, চলমান আছে। ধীর গতিতে চলছে সেটা আমরা স্বীকার করি। কিন্তু প্রকল্প আমরা বন্ধ করে দেই নাই।’
এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন—প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. নুরুল আলম, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিওন) রমজান আলী, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ।
চিলমারীর কাচকোল নদী ভাঙন এলাকা পরিদর্শন ও পথসভা শেষে তিনি স্পিডবোটযোগে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের রৌমারী-রাজিবপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।