শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> বরিশাল সময় টেলিভিশনের ব্যুরোপ্রধান অপুর্ব অপুকে অপহরণচেষ্টায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার দুপুর ২টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অপারেশন অ্যান্ড প্রসিকিউশন) মো. এনামুল হক।
তবে সাংবাদিক অপূর্ব অপুকে অপহরণচেষ্টার মূল হোতা জিহাদুল ইসলাম জেহাদ, নুরে আলম ও হাবিবসহ বাকিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। গ্রেপ্তার তিনজন হলেন- বরিশাল নগরীর উত্তর আমানতগঞ্জ সিকদারপাড়া এলাকার মামুন সিকদার ওরফে চিডা মামুন, নুরুন মোমেন ওরফে কোটন এবং মাহমুদ ওরফে রিয়াজ।
অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক জানান, সাংবাদিক অপুর্বকে অপহরণচেষ্টা ঘটনায় পরপরই কোতোয়ালি থানায় মামলা করা হয়। এরপর ভিডিও ফুটেজ ও বিভিন্ন সূত্র ধরে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ।
তিনি আরও বলেন, গোপন সূত্রে খবর পেয়ে নগর ডিবি পুলিশের একটি টিম পটুয়াখালী জেলার মহিপুরে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আমরা গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করছি। ঘটনার কারণ এখনও সুনিশ্চিত হওয়া যায়নি।
গত ২৯ মে দুপুরে সময় টেলিভিশনের বরিশাল অফিসে যাওয়ার পথে ব্যুরোপ্রধান অপুর্ব অপুকে অপহরণচেষ্টা চালায় একদল সন্ত্রাসী। ঘটনার ৬ দিন পর ৩ জনকে গ্রেপ্তারে সক্ষম হয়েছে ডিবি পুলিশ। তবে ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্তরা।