শনিবার, ২৫ Jul ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
অনুসন্ধান২৪>>মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি তথ্যচিত্রে তার বক্তব্য ভুলভাবে সম্পাদনা করার কারণে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বিরুদ্ধে সর্বোচ্চ পাঁচ বিলিয়ন ডলারের (প্রায় ৫০০ কোটি ডলার) ক্ষতিপূরণ প্রদানের মামলা করবেন বলে জানিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৪ নভেম্বর) এ কথা জানান তিনি। যদিও বিবিসি ক্ষমা চেয়েছে, কিন্তু ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে।
এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা যেকোনো জায়গায় এক থেকে পাঁচ বিলিয়ন ডলারের মধ্যে গণমাধ্যমটির বিরুদ্ধে মামলা করব, সম্ভবত আগামী সপ্তাহে। আমি মনে করি, আমার এটা করা উচিত। তারা (বিবিসি) প্রতারণার বিষয়টি স্বীকার করেছে।”
গত সোমবার ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে একটি চিঠি পাঠিয়ে অভিযোগ করেন, ২০২১ সালের যুক্তরাষ্ট্রের ক্যাপিটল দাঙ্গা সম্পর্কিত একটি ভিডিওতে তার ভাবমূর্তি অবমূল্যায়ন করা হয়েছে। চিঠিতে বিবিসিকে সময় বেঁধে দেওয়া হয় যেন তারা ক্ষমা চায় ও ক্ষতিপূরণ প্রদান করে।
ট্রাম্প আরও বলেন, তিনি বিবিসি ইস্যু নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে কথা বলবেন। স্টারমার গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে থাকলেও ট্রাম্প বলেন, “আমি এ সপ্তাহের শেষে তাকে টেলিফোন করব। অবশ্য তিনি আগেই আমাকে ফোন করেছিলেন।”
বিবিসি গত বছর প্রচারিত তাদের তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে। এতে এমন ধারণা দেওয়া হয়েছিল যে, ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা ইউএস ক্যাপিটলে হামলার আগে সহিংস পদক্ষেপের আহ্বান পেয়েছিলেন। ভিডিও সম্পাদনা নিয়ে সৃষ্ট বিতর্কের কারণে বিবিসির মহাপরিচালক ও শীর্ষ সংবাদ নির্বাহী পদত্যাগ করেন।
বিবিসি চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে পাঠানো ব্যক্তিগত চিঠিতে ট্রাম্পকে জানিয়েছেন, তারা ভিডিও সম্পাদনার জন্য দুঃখিত। তবে বিবিসি বলেছে, “যদিও আমরা আন্তরিকভাবে ভিডিও সম্পাদনার জন্য অনুতপ্ত, তবুও আমরা দৃঢ়ভাবে এই দাবির সঙ্গে একমত নই যে এখানে মানহানির কোনো ভিত্তি আছে।”