শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
অনুসন্ধান২৪>>মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে
পার্কিং করা অবস্থায় দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসে আগুন দেয়া হয়। এ সময় বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় বাসটির চালক তাবেজ খান (৪৫) গুরুতর দগ্ধ হন।
তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বাড়ইবিকুরা এলাকার আবুল হোসেনের ছেলে। দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবালয় থানার ওসি আমান উল্লাহ বলেন, ‘ফলসাটিয়া এলাকায় স্কুল বাসে আগুন দেয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ সময় বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় বাসটির চালক দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’
এদিকে গত রোববার রাতে শিবালয় উপজেলার উথলী মোড়ে সারমানো সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের পাশে পার্কিংয়ে রাখা অবস্থায় মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের স্কুল বাস আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় শিবালয়ের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।