বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪>>দায়িত্ব পালনের সময় ইনচার্জ ছাড়া অন্য পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহার না করার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সফলভাবে প্রতিরোধ করতে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, সম্প্রতি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, ঢাকা মহানগর পুলিশের সদস্যরা দায়িত্ব পালনের সময়ে মোবাইল ব্যবহার করার ফলে তাদের সতর্ক নজরদারি ও দায়িত্ব পালন ব্যাহত হচ্ছে। ফলে পুলিশ দৃশ্যমান থাকা সত্ত্বেও নিজেদের ও জনসাধারণের নিরাপত্তা দিতে সক্ষম হচ্ছে না।
আদেশে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সফলভাবে প্রতিরোধ করতে ঢাকা মহানগর পুলিশের দায়িত্ব পালনরত সদস্যদের মধ্যে ইনচার্জ ছাড়া অন্যদের ফোন ব্যবহার না করার নির্দেশ প্রদান করা হলো। কোনো পুলিশ সদস্য এ নির্দেশ অমান্য করলে তা শৃঙ্খলা পরিপন্থি কাজ বলে বিবেচিত হবে। তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।