মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>বিএনপি আগামী ১৫ মে থেকে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম শুরু করছে । তা আগামী ১৫ জুলাই পর্যন্ত টানা দুই মাস চলবে। এ সময়ে নতুন এক কোটির বেশি সদস্য সংগ্রহ করার ঘোষণা দিয়েছে দলটি।
বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রাথমিক সদস্য নবায়ন সংক্রান্ত কমিটির বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব তথ্য জানান। তিনি এই কমিটির আহ্বায়ক।
এক সময় আওয়ামী লীগ করলেও আওয়ামী লীগের দুঃশাসন, বর্বরোচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার যারা পছন্দ করেনি বলে দল থেকে বেড়িয়ে গেছে তারাও বিএনপিতে যুক্ত হতে পারবেন।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, এবার শুধুমাত্র নবায়ন নয়, দলের প্রাথমিক সদস্য সংগ্রহও করা হবে। বিগত আওয়ামী ফ্যাসিবাদি দুঃসময়ে স্বাভাবিকভাবে কোনো রাজনৈতিক কার্যক্রম করা যায়নি।
সেই পরিস্থিতিতে আবার নতুন করে পুনর্গঠন করা আমাদের জন্য কঠিন ব্যাপার। কিন্তু তা করতে হচ্ছে। তা ছাড়া আমাদের দল করতে কত লোক আগ্রহী সেটাও সদস্য সংগ্রহ অভিযানের মধ্য দিয়ে জানতে পারব।
দিনের পর দিন তারা এই দলীয় কার্যালয় আক্রমণ করেছে। প্রয়োজনীয় জিনিসপত্র কম্পিউটার, টাইপ টাইটার, ফ্যাক্স মেশিন ইত্যাদি তারা ভাঙচুর করেছে। আমাদের দলীয় কার্যালয় কতবার ভাঙচুর, তছনছ করেছে, দলিল, ফাইল সব রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। অনেক কিছু তারা এখান থেকে নিয়ে গেছে।
তিনি বলেন, সমাজের সর্বক্ষেত্রের মানুষ যারা বিএনপিকে পছন্দ করেন, যারা বিএনপিমনা, যারা জাতীয়তাবাদী চিন্তা-চেতনা লালন করে, তারা আগ্রহী হয়ে এই দলের সদস্য হবেন। কারণ এখন শেখ হাসিনার সেই ভয়ঙ্কর দুঃশাসনের ছোবল নেই।
অন্য কোনো দল থেকে বিএনপিতে আসতে পারবে কিনা? এ প্রসঙ্গে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘কেউ দীর্ঘদিন রাজনীতি করেননি বা আওয়ামী লীগের আমলেও যারা হয়ত এক সময়ে আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের দুঃশাসন, আওয়ামী লীগের বর্বরোচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার পছন্দ করেনি, এই ধরনের মানুষ হয়ত তারা আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারবে না কেন?
আমরা প্রাথমিক সদস্যের জন্য ২০ টাকার রশিদ দেই। সেটা দিয়ে ফরম পুরণ করতে হবে। এর সাথে এবার একটা অঙ্গীকারনামা থাকবে। এবার যারা সদস্য হবেন তাদেরকে এই ফরমটা পূরণ করতে হবে। পরে সেসব ফরম যাচাই-বাছাই করা হবে। কারণ দোসররা এলাকায় সন্ত্রাসী করেছে, জমি দখল করেছে, টাকা পাচার করেছে। তারা তো নানাভাবে ঢুকে পড়ার চেষ্টা করবে।
তিনি আরো বলেন, আমাদের চিন্তা হলো, সমাজের ফ্রেশ মানুষ। একজন ভদ্রলোক হয়ত রিটায়ার্ড করেছেন। তিনি অন্তরে লালন করেন। তিনি একজন শিক্ষক হতে পারেন, একজন গভার্মেন্ট অফিসার হতে পারেন, একজন ব্যাংকার হতে পারেন, একজন এনজিও কর্মী-কর্মকর্তা হতে পারেন, একজন কৃষক হতে পারেন, একজন শ্রমিক হতে পারেন, এক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া নেই। তিনি আমাদের যে আদর্শ সেটা বিশ্বাস করেন কিনা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম-মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত প্রমুখ।