সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> ভোলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. হুমায়ুন কবির (৫০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এছাড়া তার সঙ্গে থাকা আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত হুমায়ুন কবির দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউনুস সিকদারের ছেলে। তিনি ওই ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ও ইউনিয়ন জাতীয়তবাদী মৎস্যজীবী সমিতির সভাপতি ছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ভেদুরিয়া লঞ্চঘাট সংলগ্ন হেতনারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালের দিকে মোটরসাইকেলে চড়ে বিএনপি নেতা হুমায়ুন কবিরসহ মোট ৩ জন জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বরিশালে আয়োজিত বিভাগীয় অনুষ্ঠানে যোগ দিতে দৌলতখানের নিজ বাড়ি থেকে সদর উপজেলার ভেদুরিয়া লঞ্চঘাটে যাচ্ছিলেন। এ সময় লঞ্চঘাট সংলগ্ন হেতনারহাট এলাকায় পৌঁছালে একটি কুকুরকে বাঁচাতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদের ৩ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে আনলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন কবিরকে মৃত ঘোষণা করেন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতরা হলেন- দৌলতখানের সৈয়দপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মো. নাছিরের ছেলে জুয়েল (৩২) ও ভবানীপুর ১নং ওয়ার্ডের বাসিন্দা মো. এমরানের ছেলে ফারুক (৪২)।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।