সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> বরিশালের বাকেরগঞ্জে সরকারি হালট ও খালের জমিতে নির্মাণাধীন অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এই খবর বিভিন্ন পত্র–পত্রিকায় প্রকাশিত হলে তা উপজেলা প্রশাসনের নজরে আসে। এরপর উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ অবৈধ স্থাপনা ভেঙে সরকারি জমি উদ্ধার করার জন্য সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদারকে নির্দেশ দেন।
সূত্র জানায়, সম্প্রতি উপজেলার কলসকাঠী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঢাপড়কাঠী গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ৩ পুত্র মো. বাবুল হাওলাদার, মো. জাহাঙ্গীর হাওলাদার ও মো. কবির হাওলাদার ৬৮নং ঢাপড়কাঠী মৌজার ২৯০ নং দাগ হালট এবং ৩৫৭নং দাগ কলসকাঠী ইউনিয়ন পরিষদ কর্তৃক সংরক্ষিত খালের জমি দখল করে তিনতলা পাকা বিল্ডিং নির্মাণ কাজ শুরু করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার বলেন, সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ আমাকে অবৈধ স্থাপনা ভেঙে সরকারি হালট ও খালের জমি উদ্ধার করার নির্দেশ দেন। তার নির্দেশে সার্ভেয়ার মাসুদুর রহমান ও ইউনিয়ন তহসিলদার মোঃ হাবিবুর রহমানকে সঙ্গে নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি।তিনি আরও বলেন, বাকেরগঞ্জ উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।