সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >>সারাদেশে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৪ ঘন্টায় ৩৪৩ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সময়ে অন্যান্য মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে আরও ১ হাজার ১৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ছয়টি শর্টগান কার্তুজ, তিনটি ছুরি, তিনটি তলোয়ার, একটি কুড়াল, ১০টি ককটেল, আটটি লাঠি, চারটি রড এবং চারটি রামদা উদ্ধার করা হয় ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
পুলিশ সদরদপ্তর সূত্রে আরো জানা যায়, ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেফতার করা হয়েছে ৩৪৩ জনকে। এছাড়া এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে গতকাল রাত থেকে আজ পর্যন্ত ১ হাজার ৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
‘ডেভিল হান্ট’ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে একটি বিশেষ অভিযান। যা ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে।
উল্লেখ্য, গত ০৭ ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়।
এরই ধারাবাহিকতায় ০৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযান শুরু হয়।