মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪>>ময়মনসিংহ জেলা শহরস্থ সি.কে.ঘোষ রোড এলাকায় ময়মনসিংহ প্রেস ক্লাবের কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা প্রেস ক্লাবের নির্বাচনে ২টি প্যানেলে ১৬টি পদের বিপরীতে ৩২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বৃহস্পতিবার বিকেলে সভায় বহিরাগত কতিপয় সাংবাদিক প্রবেশের চেষ্টা করলে উভয় গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি বলে জানা যায়। বর্তমানে পূর্ব নির্ধারিত বার্ষিক সাধারণ সভা চলমান থাকলেও প্রেসক্লাবের বাইরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান।
উল্লেখ্য, ১৬ সদস্য বিশিষ্ট প্যানেলের একটির নেতৃত্বে সাংবাদিক ইমাম উদ্দিন মুক্তা, সহ-সভাপতি ও বাবুল হুসেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। অন্য প্যানেলে আবুল কাশেম (সাবেক সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা বিএনপি), সহ -সভাপতি ও সাংবাদিক সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে নেতৃত্বে রয়েছেন। পরবর্তীতে প্রেস ক্লাবের অভ্যন্তরীণ বিভিন্ন জটিলতার কারণে উক্ত নির্বাচনটি স্থগিত করা হয়।
এছাড়াও গত ৩০ ডিসেম্বর ময়মনসিংহ জেলা প্রেস ক্লাবের নির্বাচনকেন্দ্রিক সৃষ্ট জটিলতা নিরসনে ১৫১ সদস্য বিশিষ্ট প্রেস ক্লাব সংস্কার কমিটির পক্ষ হতে বিভাগীয় ও জেলা প্রশাসনের নিকট চিঠি দেওয়া হয়। বর্তমানে প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় সেনাবাহিনী ও পুলিশ নিয়োজিত রয়েছে।