বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >>কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত কৃষক জুমারত আলী মণ্ডল (৪৭) মারা গেছেন। নিহত জুমারত আলী মণ্ডল সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া সরকারপাড়া গ্রামের ছাবদার আলী মণ্ডলের ছেলে।
গত ৩ ডিসেম্বর হামলার শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে তার মৃত্যু হয়। বুধবার তার লাশ দাফন করা হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ওসি নাসির উদ্দিন এই তথ্য জানিয়ে বলেন, ঘটনার পর নিহতের ছেলে মেহেদী হাসান থানায় হত্যাচেষ্টার মামলা করেন। মামলার এজাহারভুক্ত চার আসামির মধ্যে বর্তমানে দুই আসামি জামিনে রয়েছেন এবং দু’জন রয়েছেন কারাগারে। তার মৃত্যুর পর মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ ডিসেম্বর দুপুরে জুমারত আলী মণ্ডল নিজের জমিতে চাষাবাদ করছিলেন। এ সময় পৈতৃক এই জমি নিয়ে বিরোধের জেরে আপন দুই ভাই জিয়ারত আলী, আজব আলী এবং দুই ভাতিজা কাশেম আলী ও হাশেম আলী রড-লাঠি নিয়ে তার ওপর হামলা চালান। এতে মাথায় আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রায় একমাস ধরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।