বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >>কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় তিনটি পরিবার পুলিশের সহযোগিতায় ১৫ দিন পর বাড়ি ফিরেছে। তিনটি পরিবারের প্রায় ৩০ জন সদস্য প্রতিপক্ষের হামলার ভয়ে বাড়ি ছেড়ে আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ২২ নভেম্বর তাদের ২টি ঘর ভাঙচুর ও মারধর করে একই গ্রামের প্রভাবশালী গোলাপ, রফিক, ফুল মিয়া, মোবারক ও শানুর নেতৃত্বে বেশকিছু লোকজন। এ নিয়ে তারা আদালতে মামলা করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে গত ১৬ ডিসেম্বর আবার ভাঙচুর, মারধর, লুটপাট ও হামলা করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়।
জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরের শিকার হন সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া গ্রামের মো. মোস্তুফা (৩৭) ও আক্তারের (৬০) পরিবারসহ তিনটি পরিবারের লোকজন।
গত ১৫ দিন যাবত তারা বিভিন্ন স্বজনদের বাড়িতে দিনাতিপাত করছিলেন। অবশেষে কুলিয়ারচর থানা পুলিশের হস্তক্ষেপ ও নিরাপত্তা প্রদানের মাধ্যমে সোমবার রাতে বাড়ি ফেরেন তারা। বাড়িতে ফিরতে পেরে ভুক্তভোগীরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ন্যায় বিচার প্রত্যাশা করেন।
কুলিয়ারচর থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, বিষয়টি আমি জানতাম না। জানার পরেই তাদের বাড়িতে ফেরানোর ব্যবস্থা করেছি। আমি থানায় থাকতে বিচার পাবে না লোকজন, তা হতে পারে না। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।