বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>পিরোজপুরের ইন্দুরকানীতে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও বিধি বহির্ভূতভাবে কর্মকাণ্ডের অভিযোগ এনে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্যরা। রোববার (২৯ ডিসেম্বর) সকালে ইন্দুরকানী প্রেসক্লাবে পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদারের বিরুদ্ধে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তাদের অভিযোগ- ২০২৩-২০২৪ অর্থবছরে এডিবি (এশীয় উন্নয়ন ব্যাংক) থেকে বরাদ্দ পাওয়া প্রায় ১৮ লাখ টাকা আত্মসাৎ করেছেন চেয়ারম্যান শাহিন হাওলাদার। এছাড়া তার বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ রয়েছে। এদিকে, ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরে আসেন না তিনি।
সংবাদ সম্মেলনে ইউপি সদস্য রফিকুল ইসলাম ও নাজমুল হাসান লিখিত বক্তব্যে অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার ইউনিয়ন পরিষদ আইনের তোয়াক্কা না করে নিজের ইচ্ছেমতো পরিষদের সব কার্যক্রম পরিচালনা করে আসছেন। কোনো সদস্য এর প্রতিবাদ করলে, তার সঙ্গে খারাপ ও অশালীন আচরণ করেন শাহিন হাওলাদার।
লিখিত বক্তব্যে ইউপি সদস্যরা আরো অভিযোগ করেন, ২০২৩-২০২৪ অর্থবছরে এডিবি (এশীয় উন্নয়ন ব্যাংক) থেকে বরাদ্দ পাওয়া প্রায় ১৮ লাখ টাকা আত্মসাৎ করেছেন চেয়ারম্যান শাহিন হাওলাদার। এছাড়াও সরকারের গৃহনির্মাণ প্রকল্প থেকে টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
এছাড়া চেয়ারম্যান শাহিনের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ থেকে চাল ও পরিষদের অর্থ আত্মসাতের অভিযোগ আনেন তারা। পাশাপাশি পরিষদের সদস্যদের ভাতা প্রদান না করার অভিযোগও করেন চেয়ারম্যানের বিরুদ্ধে। এছাড়াও টিআর, কাবিখা, কাবিটা প্রকল্প এবং ভিজিডি ও ভিজিএফ এর কার্ড নিজের ইচ্ছেমতো বরাদ্দ দেন এবং সেখান থেকে অর্থ আত্মসাৎ করেন শাহীন।
এছাড়াও উপজেলা কৃষি অফিস থেকে ওই ইউনিয়নের কৃষকদের জন্য বরাদ্দকৃত সার, ধান ও ডালসহ অন্যান্য কৃষি উপকরণ নিজের পছন্দের লোকদের মাঝে বিতরণ শাহিন। তিনি বর্তমানে একটি নাশকতা মামলার আসামি হওয়ায় ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরে আসেন না। এতে করে ওই ইউনিয়ন পরিষদের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাই এ বিষয়গুলো তদন্ত করে অভিযুক্ত শাহিনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
পরিষদের সাত সদস্যের সম্মতিতে তিনজন ইউপি সদস্য উপস্থিত থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।