রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>ময়মনসিংহের নান্দাইলে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আবদুল্লাহ আল মামুন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
মামুন নেত্রকোণার কেন্দুয়া উপজেলার প্রাণিসম্পদ অফিসের কৃত্রিম প্রজনন মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
নিহত মামুন কিশোরগঞ্জ সদরের গাইটাল এলাকার আমিনুল ইসলামের ছেলে।
নিহতের সহকর্মী মোজাম্মেল হক জানান, মামুন প্রতিদিন নিজ বাসা থেকে মোটরসাইকেল যোগে কেন্দুয়া গিয়ে অফিস করতেন। মঙ্গলবার সকালে বাসা থেকে বের হয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি বাজারে যান। সেখান থেকে সরকারি গাড়ি থেকে সরবরাহকৃত সীমেন ও লিকুইড নাইট্রোজেন সংগ্রহ করে অফিসে যাওয়ার পথে বাঁশহাটি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।
নান্দাইল মডেল থানার ওসি ফরিদ আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।