রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তাবলীগ জামায়াতের মাওলানা সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেফতার করা হয়।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দর হাবিবুর রহমান। তিনি জানান, বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার রাতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন নিহত হয়েছেন এবং অর্ধশত আহত হয়েছেন।
এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবায়েরের অনুসারী এসএম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকশ’ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী এসএম আলম হোসেন কিশোরগঞ্জের সদর উপজেলার গাইটাল গ্রামের মৃত এসএম মোক্তার হোসেনের ছেলে। তিনি জুবায়েরের অনুসারী এবং কিশোরগঞ্জের আলমি শুরার সাথী।