রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>নওগাঁর রাণীনগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে হাসান আলী প্রামানিক (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত হাসান আলী প্রামানিক রাণীনগর উপজেলার তেবাড়িয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি পেশায় একজন মাছচাষি ও ব্যবসায়ী ছিলেন।
বুধবার মধ্যরাতে উপজেলার রাণীনগর–আবাদপুকুর সড়কের সোনাকানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার ( ১৯ ডিসেম্বর) সকালের দিকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম।
রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম জানান, নিহত হাসান উপজেলার সিম্বা গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ব্যক্তিগত কাজ শেষ করে রাণীনগর বাজার থেকে মোটরসাইকেলে চালিয়ে সিম্বা যাচ্ছিলেন।রাণীনগর–আবাদপুকুর সড়কের সোনাকানিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির সঙ্গে একটি গাছের ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলইে মারা যান হাসান।
তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাসানের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তার পরিবারে কারো কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।