শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় তাজনেহার নামে এক নারীর গলায় ওড়না পেঁচানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তাজনেহার উপজেলার দক্ষিণ কৈখালী এলাকার জামাল হোসেনের স্ত্রী। তিনি মাছ ব্যবসায়ী ছিলেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা।
জানা যায়, বুধবার রাতে কাঁঠালিয়া বাজারে মাছ বিক্রি করে বাসায় আসেন তাজনেহার। রাতেও বাসায় একাই ছিলেন তিনি। এ সুযোগে তাকে হত্যা করে টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে তাজনেহারের মা রাশিদা বেগম বাসায় এসে মেঝেতে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান। এ সময় ঘরের দরজা খোলা ছিল। পরে রাশিদা বেগমের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কাঁঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালাল আকন বলেন, তাজনেহার মাছ ব্যবসায়ী ছিলেন। বুধবার রাতে মাছ বিক্রি করে বাসায় আসেন। ধারণা করা হচ্ছে, টাকা নিয়ে তাকে হত্যা করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তার স্বামী ও সন্তান ঢাকায় থাকেন। তিনি একাই বাসা ভাড়া নিয়ে কাঁঠালিয়ায় থাকতেন।
কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।