শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>রংপুরে বিশাল আকৃতির একটি হিমালয়ী গৃধিনী জাতের শকুন উদ্ধার করা হয়েছে। ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের এক সদস্য জানান, দীর্ঘ ভ্রমণের ক্লান্তিতে শকুনটি বিশ্রামের জন্য গাছে এসে আটকা পড়ে। প্রতি বছর শীতকালে হিমালয়ী গৃধিনী এই জাতের শকুন বাংলাদেশের সমতল ভূমিতে আসে।
শুক্রবার সন্ধ্যায় রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগরের একটি গাছে আটকে থাকা অবস্থায় শকুনটি উদ্ধার করা হয়।
ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য নূর হাসান নাহিদ ও মাহমুদুল হাসান সোহেল জানান, আমরা প্রথমে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি পাখিটি লোকালয়ে নামলে কয়েকজন তাকে ধরে ফেলে। এরপর তারা কি করবে বুঝে উঠতে না পারায় আমাদেরকে জানান। আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে শকুনটিকে উদ্ধার করি।
রংপুর প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তা জানান, দীর্ঘ পথ ভ্রমণে অনেক শকুন অসুস্থ হয়ে উড়ার শক্তি হারিয়ে ফেলে। বিশাল আকৃতির এই শকুনটি ক্লান্ত হয়ে লোকালয়ে বিচরণ করলে স্থানীয়রা উদ্ধার করে। পরে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ টিমের নজরে আসে। তারা উদ্ধার করে পরদিন নিয়ে আসেন রংপুর নগরীর কারমাইকেল কলেজ মাঠে। পরে শনিবার সকালে রংপুরের কারমাইকেল কলেজে বিশাল আকৃতির শকুনটি দেখতে উৎসুক জনতা ভিড় করে।
ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ রংপুরের অর্থ সম্পাদক লিজেন আহমেদ প্রান্ত জানান, হিমালয়ী গৃধিনী শকুনটি কিছুটা অসুস্থ। পরিচর্যার জন্য দিনাজপুরের সিংড়া রেসকিউ সেন্টারে হস্তান্তর করা হবে। শকুনটি লম্বায় প্রায় ৭ ফুট এবং ওজন প্রায় ১২ কেজি। প্রতি শীতে বাংলাদেশের সীমানায় দেখা যায়। ২০১৪ সাল থেকে হিমালয় গৃধিনী নিয়ে সরকারের বন অধিদফতর আর বেসরকারি সংস্থা আইইউসিএন কাজ করছে বলে জানান তিনি।