শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সাপের কামড়ে মো. সুলতান খান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) রাতে মারা যান তিনি। স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল খান ওই কৃষকের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, শুনেছি সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।
মৃত সুলতান খান উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর (খেজুরতলা) গ্রামের মৃত কলম খানের ছেলে।
নিহতের ছেলে কাওসার খান জানান, রোববার সকাল ১১টার দিকে তার বাবা সুলতান খান বাড়ির কাছে মাছের ঘেরে মাছের খাবার দেন। পরে ঘেরের পাশে ঘাস দেখে তা পরিষ্কার করতে শুরু করেন।
এ সময় একটি সাপ তার বাম হাতের কনুইয়ের ওপর কামড় দেয়। পরে তিনি বাসায় ফিরে বিষয়টি পরিবারকে জানান। তারা তার হাত বেঁধে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী বাগেরহাটের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে তার বাবার দেওয়া তথ্যমতে, ওই সাপটি ছিল কালো এবং সাপের মাথায় লাল রঙের একটি এস চিহ্ন ছিল।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার তরিকুল ইসলাম বলেন, সাপের বর্ণনা অনুযায়ী ধারণা করা হচ্ছে সাপটি কিং কোবরা প্রজাতির। এ ধরনের সাপ খুবই বিষাক্ত।