বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >>সাভারে প্রাইভেটকারের সঙ্গে দূরপাল্লার বাসের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারের আরো দুই যাত্রী। তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ ও ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকেলে সাভারের বলিয়ারপুর এলাকার এসএন সিএনজি অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজিবুর রহমানের ভাগ্নে হাকীম বলেন, মজিবুর মামাসহ গাড়িতে ৫ জন ছিল। তারা প্রাইভেটকারে সাভারের দিকে যাচ্ছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় ঢাকামুখী লেন থেকে সাভারমুখী লেনে ইউটার্ন নিচ্ছিলেন তারা। এ সময় আরিচামুখী সি-লাইন পরিবহনের একটি দ্রুতগতির বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। কারটিতে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও দুইজন। আহতদের উদ্ধার করে একজনকে সাভারের এনাম মেডিকেলে ও অপরজনকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। তিনজনের মরদেহ উদ্ধার করে বাড়িতে আনা হয়েছে।
নিহতরা হলেন, সাভারের নগরকুন্ডা এলাকার ইব্রাহিম, বলিয়ারপুরের সাবেক মেম্বার নাজিমউদ্দীন ও একই এলাকার আবদুল আলেকের ছেলে মজিবুর। মজিবুর রহমান নিজের গাড়ি নিজেই চালাচ্ছিলেন। আহত দুজন হলেন শাহাবুদ্দিন ও আবদুল জলিল। প্রাথমিকভাবে আহত ও নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সওগাতুল আলম বলেন, দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়েছে। আমরা চালক ও হেলপারকে আইনের আওতায় নেয়ার জন্য কাজ করছি।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে কোনো মরদেহ পাইনি। তবে মরদেহ উদ্ধার করে যেখানে নেয়া হয়েছে সেখানে আমরা যাচ্ছি। ঘটনাস্থলে পৌঁছে নিহতের ব্যাপারে নিশ্চিত করা যাবে।