বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >>আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল থেকে এ কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন আইনজীবীরা।
সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ কবির ইসলাম বিজন বলেন, আজও আদালতের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ভুক্তভোগীরা চেম্বার সহযোগিতা পাবেন। সকাল থেকে আদালত প্রাঙ্গণে আইনজীবীরা উপস্থিত হয়েছেন।
এদিন আদালত চত্বরে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। আদালত চত্বরে বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জোরদার করা হয়েছে সেনাবাহিনীর টহলও।
এর আগে, বুধবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে আদালতে কর্মবিরতিসহ ছয়টি সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য লোহাগাড়া উপজেলার বাসিন্দা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে গত ২৬ নভেম্বর পেশাগত দায়িত্ব পালনকালে উগ্রবাদী সংগঠন ইসকনের সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে। উক্ত হত্যাকাণ্ডের প্রতিবাদে সমিতির জরুরি সভায় নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
সিদ্ধান্তগুলো হলো- সমিতির পতাকা অর্ধনমিত রাখা ও কালোব্যাজ ধারণ, চট্টগ্রামের সকল আদালতের কার্যক্রমে কর্মবিরতি, আইনজীবী আলিফের আত্মার মাগফেরাত কামনায় আজ বৃহস্পতিবার বাদ জোহর কোর্ট হিল জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন, একই দিনের অবকাশকালীন প্রীতি সমাবেশে বাতিল।
এছাড়া আগামী ১ ডিসেম্বর দুপুর ২টায় দোয়েল ভবনের সামনে থেকে আইনজীবীদের শোক মিছিল অনুষ্ঠিত হবে এবং সমিতির বার্ষিক ইনডোর গেমস স্থগিত থাকবে।
নিহত সাইফুল ইসলাম আলিফ ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন। পরে হাইকোর্টের আইনজীবী হিসেবে নিবন্ধন পান। সম্প্রতি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান।