মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >>রাজশাহীর বাঘা উপজেলায় একটি আম বাগান থেকে আনিসুর রহমান (৪২) নামে এক দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) সকালে লাশটি উদ্ধার করা হয়। আনিসুর রহমান উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলশিপুর গ্রামের মৃত শামসুল হক মোল্লার ছেলে।
নিহত আনিসুরের ভাই হাফিজ উদ্দিন বলেন, আমার ভাই একজন সহজসরল মানুষ। শুক্রবার সন্ধ্যায় মনিগ্রাম বাজারে ছিল। রাতে বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখোঁজি করে তাকে পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টার দিকে বাঘা-চারঘাট মহাসড়কের দক্ষিণে মনিগ্রামের জমসেদ আলীর বাড়ির পেছনে বজলুর রহমান মাস্টারের আম বাগানে গলাকাটা লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে বাঘা থানার ওসি আবু সিদ্দিক বলেন, খবর পেয়ে আম বাগান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।