মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >>সিরাজগঞ্জ সদরে মোবাইল চুরির অপবাদ দিয়ে চার শিশুকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের চর সয়দাবাদের মো. সবুজ (১৯), চর গাছাবাড়ি গ্রামের মো. বেল্লালের ছেলে মো. মোন্নাফ (২৩) ও আব্দুল মজিদের ছেলে মো. হযরত (২৬)।
শনিবার (১৬ নভেম্বর) রাতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে, সোমবার (১১ নভেম্বর) সকাল ৯টায় মোবাইল চুরির অপবাদ দিয়ে চার শিশুকে তুলে নিয়ে দিনভর জঙ্গলের মধ্যে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়।
আহত শিশুরা হলো- সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের চর গাছাবাড়ি গ্রামের মো. মোমিনের ছেলে মো. নূর ইয়ামিন (১০), একই গ্রামের সেরাজুল ইসলামের ছেলে মো. ইমরান ওরফে ইমন (১০), মো. মনিরুদ্দিনের ছেলে মো. জুনাইদ (১১) ও মো. নবীদুল মোল্লার ছেলে মো. শাহিন মোল্লা (১৩)।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) থানায় লিখিত অভিযোগ করেন আহত শিশু মো. শাহীন মোল্লার মা সেলিনা খাতুন।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মো. হুমায়ুন কবির।
সদর থানা সূত্রে জানা যায়, মারধরের শিকার শিশুদের মধ্যে একজনের অভিভাবক এ ঘটনায় মামলা করেছেন। মামলার পরই তিন আসামিকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে আদালতের মাধ্যমে অভিযুক্ত তিন যুবককে কারাগারে পাঠানো হয়েছে।