সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> রাজশাহীর মোহনপুর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম (৪৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের একদিলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোহনপুর থানার ওসি আব্দুল হান্নান জানান, রোববার সকালে আব্দুর রহিম রাজশাহী শিক্ষা বোর্ডে এসেছিলেন। দুপুরে ৩টি মোটরসাইকেলে ৬ জন শিক্ষক নওগাঁয় ফিরছিলেন।
পথে মহাসড়কে মোহনপুরের একদিলতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে আব্দুর রহিমের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনিসহ অপর আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এসময় চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর অপর মোটরসাইকেলের চালক পালিয়ে গেছেন।
নিহত আব্দুর রহিম বগুড়ার আদমদীঘি উপজেলার গোড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি নওগাঁ সদরের কেডির মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ওসি আরো জানান, এ ব্যাপারে থানায় সড়ক পরিবহন আইনে মামলা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।