সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >>শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়েরে মৃত্যুর অভিযোগ উঠেছে।
নিহত মজিবুর রহমান কালিনগর গ্রামের মৃত মেরু মিয়ার ছেলে। অভিযুক্ত ইউনুস আলী (৩৫) একই গ্রামের মকবুল হোসেনের ছেলে।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। এর আগে, বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, পৌরশহরের কালিনগর মহল্লায় পাশাপাশি বাড়ির বাসিন্দা মজিবুর রহমান ও তার শ্যালক ইউনুস আলী। ইউনুসের স্ত্রী তিন বছর আগে দুই মেয়ে ও এক ছেলে নিয়ে কাজের সন্ধানে ঢাকায় চলে যান। এরপর থেকে ইউনুস একাই বাড়িতে বসবাস করতেন। গতকাল দুপুরে ইউনুস বাড়ির আঙিনার ওপর দিয়ে মানুষের চলাচল বন্ধে বাঁশের বেড়া দিতে যান। এ সময় তার দুলাভাই মজিবুর বেড়া দিতে নিষেধ করলে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে ইউনুস লোহার শাবল দিয়ে মজিবুরের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। মজিবুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনেরা। বিকেলে মজিবুরকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে নিতে বলেন চিকিৎসক। শেরপুর নেয়ার পথে মজিবুরের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে রাত ৯টার দিকে মজিবুরের লাশ উদ্ধার করে নালিতাবাড়ী থানায় নিয়ে যায়। অন্যদিকে ঘটনার পরপর পালিয়ে যান ইউনুস আলী। শুক্রবার সকালে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত ইউনুসকে আটক করে।
নালিতাবাড়ী থানার ওসি ছানোয়ার হোসেন বলেন, মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।