সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >>নিখোঁজের ২৭ ঘণ্টা পর পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের পাবলিক টয়লেট থেকে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে সৈকতের পর্যটন পার্ক সংলগ্ন মহিলা টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুর হোসেন শুক্রবার সকালে কুয়াকাটায় বেড়াতে আসেন। বেলা ১১টার দিকে তার বন্ধু কুয়াকাটার ব্যবসায়ী জসিম উদ্দিনের সঙ্গে একটি দোকানে চা খেতে বসেন। এসময় তিনি তার বন্ধুকে টয়লেটে যাওয়ার কথা বলে নিখোঁজ হন। পরে তার স্বজনেরা খুলনা থেকে রাতে কুয়াকাটায় এসে ওই টয়লেটসহ অনেক স্থানে খোঁজাখুঁজি করেও কোনো খবর না পেয়ে পুলিশকে জানান। বিকেলে এক পর্যটক দম্পতি ওই টয়লেটে প্রবেশ করে ভেতর থেকে অনেকক্ষণ দরজা বন্ধ দেখতে পান। কর্তৃপক্ষকে জানালে তারা টয়লেটের ওপর দিয়ে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন।
মৃত পর্যটকের নাম নুর হোসেন (৪৫)। তিনি খুলনার লবনচোড়া এলাকার সাতচুনিয়া গ্রামের বাসিন্দা।
পাবলিক টয়লেটের ইজারাদার মো. জলিল চুকানী বলেন, কুয়াকাটায় রাস মেলা থাকায় অতিরিক্ত লোকজনের চাপ ছিল। আর ওই লোক কোন ফাঁকে ভেতরে ঢুকেছেন, আমরা খেয়াল করিনি। তার স্বজনেরা যখন খুঁজতে এসেছেন, তখন পুরুষ টয়লেটগুলো খুঁজেছি, কিন্তু তিনি ছিলেন মহিলা টয়লেটের ভেতরে। সেজন্য মূলত আমরা দেখতে পাইনি।
কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক বলেন, ঠিক কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, সেটি এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। এ বিষয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।