সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >>বাগেরহাটের মোল্লাহাটে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা আরো তিন যাত্রী।
নিহতরা হলেন- কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বাসিন্দা প্রাইভেটকারচালক তারেক ও একই উপজেলার বাসিন্দা রিয়াদ। আহতরা হলেন- মুরাদনগর উপজেলার হাবিবুর রহমান, দাউদকান্দি উপজেলার রাসেল এবং তিতাস উপজেলার সোরাব হোসেন।
সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার মেঝেরা গাওলা নামক স্থানে একটি গাছের সঙ্গে খুলনাগামী একটি প্রাইভেটকারের ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান চানু বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, গাড়ির বিকট শব্দে ভোররাতে স্থানীয়দের ঘুম ভেঙে যায়। এ সময় দুর্ঘটনাস্থলে এসে দেখেন একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে আছে। আহতরা কান্নাকাটি করছেন। পরে দ্রুত তাদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা হাসপাতালে নিলে দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের অবস্থার অবনতি হলে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান চানু জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।