সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> কুড়িগ্রামের ফুলবাড়ীতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে আছিয়া খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ী গ্রামের আমরুল হোসেনের মেয়ে।
রোববার রাত ৯টায় ফুলবাড়ী-বড়বাড়ী সড়কের লালমনিরহাট সদরের টিকটিকিরহাটে এ ঘটনা ঘটে।
ফুলবাড়ী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হোমায়রা কবীর জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার আগে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও পরিবার জানায়, রাতে শিশুটি মায়ের সঙ্গে বড়বাড়ী এলাকায় বড় বোনের বাড়ি থেকে অটোরিকশাযোগে নিজ বাড়িতে ফিরছিলো। টিকটিকিরহাট বাজার মোড়ে অন্য একটি অটোরিকশাকে সাইড দিতে গেলে শিশুটি তার মায়ের কোল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর কর্ত্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ওসি ছানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।