সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪>> বগুড়ার আদমদীঘিতে জয় ফিলিং স্টেশন পাম্পে পরিমাপে পেট্রল কম দেওয়ায় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ জয় ফিলিং স্টেশন সিলগালা এবং পাম্পের মালিককে এক লাখ টাকা জরিমানা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে আদমদীঘির বেশ কয়েকজন মোটরসাইকেল চালক ওই পাম্প থেকে মোটরসাইকেলে পেট্রল তুলে নেন। এ সময় পেট্রোল পরিমাপে কম দেওয়া হয়েছে বুঝতে পেরে মোটরসাইকেল চালকরা পাম্পের সেলসম্যান শেরেকুল ইসলামের কাছে প্রতিবাদ করেন।
এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে বিপুল সংখ্যক বিক্ষুব্ধ মোটরসাইকেল চালকসহ জনতা জয় ফিলিং স্টেশনের সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কে মোটরসাইকেলের ব্যারিকেট দিয়ে সড়ক অবরোধ করেন।
এ ঘটনায় ওই সড়কে চলাচলকারী বেশ কিছু যানবাহন আটক পড়ে। প্রায় আধা ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত ও অবরোধ প্রত্যাহার করা হয়।
পরে পেট্রল নিতে আসা বিক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলে রাত সাড়ে ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জয় ফিলিং স্টেশন সিলগালা এবং পাম্পের মালিকের এক লাখ টাকা জরিমানা করেন।