সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চার বছর আগে চট্টগ্রামের সাতকানিয়ায় চুরির আপবাদে যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় মোহাম্মদ হোসাইন নামে একজনকে গ্রেফতার করেছে ।
গ্রেফতারকৃত মোহাম্মদ হোসাইন সাতকানিয়া পৌর শহরের পশ্চিম ছিটুয়া পাড়ার সোলাইমানের ছেলে।
শনিবার (৯ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ পরিদর্শক বাবুল আকতার। এর আগে, বৃহস্পতিবার (৭ নভেম্বর) সাতকানিয়া উপজেলার কফিরের পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় হানিফের স্ত্রী বাদী হয়ে সাতকানিয়া থানায় হত্যা মামলা করেন।
ঐ মামলায় আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে বাদী নারাজি দিলে মামলাটি পুনরায় তদন্ত করার জন্য পিবিআইকে নির্দেশ দেন আদালত।
পিবিআই সূত্র জানায়, ২০২০ সালের ৩ মার্চ জরুরি কথা আছে জানিয়ে হানিফকে ডেকে নেয়া হয়। এরপর অনু ফকিরের দোকানের কাছাকাছি বিল্যাপাড়া রোডে গাছ বাগান এলাকায় তাকে গাছের সঙ্গে বেঁধে বাটাম দিয়ে মারধর করে গুরুতর জখম করা হয়। এতে হানিফের দুই পায়ের হাটুর নিচে ভেঙে যায়। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন হানিফের মৃত্যু হয়।
তদন্ত কর্মকর্তা বাবুল আকতার বলেন, মামলার তদন্তভার পেয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রধান আসামি মোহাম্মদ হোসাইনের অবস্থান শনাক্ত করা হয়। এরপর বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে এ মামলায় গ্রেফতার দুজনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হোসাইনের জড়িত থাকার প্রমাণ মেলে। মূলত ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি।